নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পেরিয়ে গেলেও সম্পূর্ণ বেতন এখনও হাতে পাননি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মীরা। অন্যদিকে, অবসরপ্রাপ্তদের পুরো বেতনই বকেয়া। এরমধ্যে ২৭০০ জন কর্মী এবং ৪৭০০ জন পেনশনভোগী আছেন। বেতনের ক্ষেত্রে সব মিলিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ টাকা প্রতিমাসে ব্যয় হয়। এর ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৭৩ লক্ষ টাকা নিগম বেতন হিসেবে কর্মীদের সম্প্রতি দিয়ে দিয়েছে। বাকি টাকা এখনও পাননি কর্মীরা। এদিকে, পেনশন খাতে সাড়ে ১০ কোটি টাকা ব্যয় হয়। সেটা পুরোটাই সরকার দেয়। পুজোর আগে কেন এই জিও এল না তা খোঁজ নিচ্ছে নিগম।
গতবছর কর্মীরা ছ’হাজার টাকা বোনাস পেয়েছিলেন। এবারও সেই পরিমাণ বোনাসই তাঁরা পাবেন বলে নিগমের আশা। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের গতবছর এক হাজার টাকা করে বোনাস দেওয়া হয়েছিল। এবার তা দেড় হাজার টাকা করা হবে। প্রায় ৭০০ চুক্তিতে নিযুক্ত কর্মী এই বর্ধিত বোনাস পাবেন বলে নিগম সূত্রে জানা গিয়েছে।
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, প্রত্যেক মাসের ৩১ বা ১ তারিখ বেতনের জন্য সরকারি নির্দেশিকা চলে আসে। এই মাসে কোনও কারণে সেই জিও এসে পৌঁছয়নি। গত সপ্তাহে বেশ কয়েকদিন ছুটি ছিল। হয়তো কোনও কারণে তাই আসেনি। পরিবহণ দপ্তরে যোগাযোগ করেছি। বেতনের যে ১০ শতাংশ আমরা দিই, তা দেওয়া হয়েছে। পেনশনার্সদের পুরো টাকাটাই রাজ্য দেয়। কেন এমন হল বলতে পারব না। প্রয়োজনে অর্থদপ্তরের সঙ্গে কথা বলব। আশা করছি, সোমবার দুপুরের মধ্যে জিও চলে আসবে।
সারা বছর যেমনই চলুক না কেন পুজোর দিনগুলিতে কিছুটা হাতখুলে খরচ করতে চায় বাঙালি। কিন্তু মাস পয়লা যদি বেতনই না ঢোকে তাহলে কী করে আর সেই আশা পূরণ হবে! আর অবসরপ্রাপ্তদের তো মাসের শুরুতে পেনশনের টাকাটাই ভরসা। সেটাও সময়ে না পেয়ে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। ফাইল চিত্র।