সংবাদদাতা, কান্দি: লাঠি দিয়ে মাথায় আঘাত করে খড়গ্রামের যুবককে খুন করার ঘটনায় তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সুভাষ ঘোষ। বাড়ি গারুটিয়া গ্রামে। সে খুনের কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। বৃহস্পতিবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, বুধবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গারুটিয়া গ্রামেরই যুবক রকি ঘোষের(৩৩) মৃত্যু হয়। রকি ও সুভাষ অনেক দিনের বন্ধু। দু’জনে একসঙ্গে কেরলে রাজমিস্ত্রির কাজ করত। কয়েকদিন আগে তারা বাড়ি ফেরে। মৃতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে রকিকে নিজের বাড়িতে ডেকে পিটিয়ে খুন করে সুভাষ। এরপরেই পুলিস অভিযুক্ত সুভাষকে গ্রেপ্তার করে। পুলিসের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছে। তবে সে পুলিসকে জানিয়েছে, বন্ধুকে চিনতে না পেরেই তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে খুন করেছে। রাতের বেলা কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। সেটা যে রকি হতে পারে, তা বুঝতে পারেনি। যদিও মৃতের পরিবারের দাবি, রকিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েই খুন করা হয়েছে।



