সংবাদদাতা, চাঁচল: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মৃত্যু হয়েছে নির্যাতিতা বধূর। মৃতার নাম সীতা রবিদাস (২৪)। চাঁচলের সাঞ্চিয়া গোপালপুরের বাসিন্দা। মাগুরায় কমল রবিদাসের সঙ্গে বিয়ে হয়। তাঁর চার মাসের পুত্র সন্তান রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ নিয়ে গত মঙ্গলবার জামাই কমল রবিদাসের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ করেন কাঞ্চন রবিদাস। জামাই বিষ খাইয়ে মেয়েকে গ্রামে ফেলে গিয়েছিল বলে তিনি অভিযোগ করেন। সামসি গ্রামীণ হাসপাতাল থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানেই রবিবার রাতে মৃত্যু হয় সীতার। চাঁচল থানার এক আধিকারিক বলেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।



