Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

 ছেলের মৃত্যুশোকে বর্ধমানে আত্মঘাতী মা

 ছেলের মৃত্যুশোকে বর্ধমানে আত্মঘাতী মা
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের তেলিপুকুরে সৎকারের জন্য ছেলের দেহ বাড়ি থেকে বের হতেই এক বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম মিনতি পোড়েল(৭১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর ছেলে কল্যাণ পোড়েল(৪৮) বুধবার অসুস্থ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই পরদিন ভোরে তিনি মারা যান। ছেলের দেহ বাড়িতে আনা হয়। দুপুরে দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই ঘরের সিলিংয়ের বাঁশের কাঠামোয় গামছার ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন মিনতিদেবী। দেখতে পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পূর্তভবনের কাছে কল্যাণের খাবারের দোকান রয়েছে। কিছুদিন ধরেই কল্যাণ অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতার নাতি রাজ পোড়েল বলেন, জেঠু অসুস্থ ছিলেন। ওঁর মৃত্যুতে ঠাকুমা মানসিকভাবে ভেঙে পড়েন। জেঠুর দেহ বাড়ি থেকে শ্মশানের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঠাকুমা আত্মঘাতী হন। পুত্রশোকের কারণে ঠাকুমা আত্মঘাতী হয়েছেন।
Advertisement
আউশগ্রামে যুবকের অস্বাভাবিক মৃত্যু: আউশগ্রাম থানার আলুটিয়া গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সুরজিৎ ধারা(২৩)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন তাঁকে ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
বর্ধমানে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু: বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ কলেজ মোড় এলাকায় জিটি রোডে লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম বৃন্দাবনচন্দ্র দে(৭৫)। তাঁর বাড়ি মেমারি থানার বাগিলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে তিনি ছেলের বাইকে চেপে গুসকরা থেকে বাড়ি ফিরছিলেন। জিটি রোড ধরে আসার সময় কলেজ মোড় সিগন্যালের সামনে পিছন থেকে একটি লরি বাইকটিকে ধাক্কা মারে। তাতে বৃদ্ধ গুরুতর জখম হন। দুর্ঘটনায় যুবকের মৃত্যু: মাধবডিহি থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম দিবাকর পাত্র(১৯)। মাধবডিহিতেই তাঁর বাড়ি। জখম হয়েছেন তাঁর দুই সঙ্গীও। তাঁরা কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিবাকর ও তাঁর দুই বন্ধু কালীপুজো উপলক্ষ্যে রায়নায় যাচ্ছিলেন। মাধবডিহি থানা এলাকায় তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দিবাকরের মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর জখম।
Advertisement
সম্পর্কিত সংবাদ