Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

 আজ জেলায় শুরু সহায়ক মূল্যে কেনার প্রক্রিয়া

 আজ জেলায় শুরু সহায়ক মূল্যে কেনার প্রক্রিয়া
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ৩ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আজ, শনিবার জেলায় শুরু হচ্ছে ধান কেনার প্রক্রিয়া। খাদ্যদপ্তরের উদ্যোগে শনিবার থেকেই সহায়ক মূল্যের বিনিময়ে ধান কিনবে ধানক্রয় কেন্দ্রগুলি। তার জন্য সর্বমোট ২৯ টি ধানক্রয় কেন্দ্র খোলা হচ্ছে জেলাজুড়ে। এর মধ্যে নতুন ধানক্রয় কেন্দ্রের সংখ্যা ৬ টি। মোবাইল ধান ক্রয় কেন্দ্র থাকছে ৬ টি। এই কাজে সহায়ক হিসেবে খাদ্য দপ্তরের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করবে রাইস মিল, স্বনির্ভর গোষ্ঠী, কিছু সোসাইটি এবং এফপিসিগুলি।
Advertisement
প্রান্তিক চাষিদের অভাবী বিক্রি রুখতে নানা বিধিব্যবস্থা নেয় খাদ্য দপ্তর। মধ্যস্বত্বভোগী বা ফড়েদের বাড়বাড়ন্ত আটকাতে মোবাইল ধানক্রয় কেন্দ্র থেকে শুরু করে দিনদিন বাড়ানো হচ্ছে ধানক্রয় কেন্দ্রের সংখ্যা। গতবার ২৩ টি ধানক্রয় কেন্দ্র ছিল। এবার হয়েছে ২৯ টি। কারণ প্রতিবছর সরকারিভাবে ধান ক্রয় শুরু হলেই অভিযোগ ওঠে ফড়েরাও সক্রিয় হয়ে ওঠে। চাষিদের থেকে অনেকসময় বাজারের তুলনায় কম দামে ধান কিনে নেয় তারা। তাই যতটা সম্ভব প্রান্তিক এলাকায় ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়।
জেলা খাদ্যদপ্তর সূত্রে খবর, চাষিদের উৎসাহিত করতে ধান কেনার সহায়ক মূল্য বেড়েছে। গতবার প্রতি কুইন্টাল ধানের সহায়ক মূল্য ছিল ২ হাজার ১৮৩ টাকা ও ইনসেন্টিভ ছিল ২০ টাকা। এবছর সেখানে সহায়ক মূল্য ধার্য্য হয়েছে কুইন্টাল প্রতি ২ হাজার ৩০০ টাকা। সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরাসরি বিক্রি করলে মিলবে অতিরিক্ত ২০ টাকা। 
এদিকে যেহেতু রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর জেলা ধান ক্রয়ের দিক  উল্লেখযোগ্য স্থানে রয়েছে। তাই এবার জেলার ধান কেনার লক্ষ্য মাত্রাও গতবারের থেকে বাড়ানো হয়েছে। গতবার ২ লক্ষ ৬২ হাজার মেট্রিক টন টার্গেট ছিল। এবার সেখানে ৩ লক্ষ মেট্রিক টন ধান কেনার টার্গেট রয়েছে। জেলার খাদ্য নিয়ামক সঞ্জীব হালদার বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে এবারও আমাদের সহায়ক মূল্যে ধান কেনা শুরু হচ্ছে। ইতিমধ্যে  চাষিদের নাম নথিভুক্ত করতে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আশা করছি, গতবারের তুলনায় এবছর বেশি সংখ্যক চাষি এই কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
সম্পর্কিত সংবাদ