সংবাদদাতা, ঘাটাল: ১১বছরের বালিকার শ্লীলতাহানির দায়ে প্রৌঢ়কে চার বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল ঘাটাল মহকুমা আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বুধবার দাসপুর থানার জোৎভগবানচকের বাবলু সাউ ওরফে দিলীপকে ওই সাজা দেন। সরকারপক্ষের আইনজীবী মনোরঞ্জন মণ্ডল জানান, মোট চারটি ধারায় কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সমস্ত শাস্তি একইসঙ্গে চলবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ৩ এপ্রিল সকালে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বাবলু। মামলায় ১৪জন সাক্ষ্য দেন। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এদিন শাস্তি ঘোষণা করেন। পকসো ধারায় চার বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু’বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আরও দু’টি ধারায় ছ’মাস করে এবং একটিতে এক বছর এক মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।



