Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকার অশ্লীল ছবি ভাইরাল, তদন্তে পুলিস

নাবালিকার অশ্লীল ছবি ভাইরাল, তদন্তে পুলিস
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চার মাস ধরে শিলিগুড়ির এক নাবালিকার অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগ উঠল সাইবার প্রতারকেদের বিরুদ্ধে। পুলিসে অভিযোগ জানানো হলেও প্রতারকরা একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে লাগাতার ওই নাবালিকাকে ভয় দেখিয়ে চলছে বলে অভিযোগ। 
Advertisement
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে একটি সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে নাবালিকাকে মেসেজ করে বলা হয় তার একটি নগ্ন ছবি সাইবার প্রতারকেদের কাছে আছে। যদি সেই ছবি নাবালিকা ফেরত চায় তাহলে একটি ছেলেকে ভিডিও কল করতে হবে। সেইমতো ভিডিও কল করতেই নাবালিকার অজান্তে একটি স্ক্রিনশট করে নেওয়া হয়। এরপর থেকেই নানাভাবে নাবালিকাকে উত্যক্ত করতে শুরু করে প্রতারকরা। একাধিক পরিচিত ব্যক্তি ও নাবালিকার বন্ধুদের কাছেও ছবি পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর সমস্ত ঘটনা পরিবারের কাছে বলতেই নাবালিকার বাবা মা অক্টোবর মাসে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। পুলিসে অভিযোগ জানানোর পর কিছুদিন শান্ত থাকার পর ফের প্রতারকরা নাবালিকাকে বিরক্ত করছে বলে অভিযোগ উঠেছে। বারবার নতুন নতুন ভুয়ো অ্যাকাউন্ট খুলে ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে ফের পুলিসে অভিযোগ জানান ওই নাবালিকার বাবা মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছি। দোষীদের খোঁজ চলছে। 
সম্পর্কিত সংবাদ