সংবাদদাতা, কাঁথি: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ভগবানপুর থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আশিস সাহু(২৩)। তার বাড়ি ভগবানপুর থানা এলাকায়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ন’বছরের ওই বালিকা বাড়ির সামনে ঘুরছিল। সেই সময় প্রতিবেশী ওই যুবক নাবালিকাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সকলের অলক্ষ্যে পাশের একটি মাছের ভেড়িতে নিয়ে যায়। সেখানে সে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়। বাড়ি ফিরে নাবালিকা কাঁদতে থাকে। মা জানতে চাইলে, সে তার উপর হওয়া নির্যাতনের কথা জানায়। বাড়ির লোকজন তড়িঘড়ি নাবালিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তার প্রাথমিক চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করা হয়। এরপরই থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা।



