সংবাদদাতা, কালনা: সাইকেল মেকানিক প্রেমিকের সঙ্গে মুম্বই পাড়ি দিয়েছিল নাদনঘাট থানা এলাকার এক নাবালিকা। কিন্তু শনিবার দাঁইহাটে আত্মীয়ের বাড়িতে ফিরতেই মেয়েটিকে উদ্ধার করে পুলিসের হাতে তুলে দেন জেলা চাইল্ড হেল্পলাইনের প্রতিনিধিরা। রবিবার কালনা আদালতে তোলা হলে বিচারক ওই নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দেন।তিন সপ্তাহ আগে একাদশ শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ হয়েছিল। পরিবারের লোকজন আত্মীয়দের বাড়িতে খোঁজ করেও মেয়ের সন্ধান পাননি। পরে জানতে পারেন, গ্রামের এক সাইকেল মেকানিক তাঁদের মেয়েকে ফুসলিয়ে মুম্বই নিয়ে গিয়েছে। তাঁরা নাদনঘাট থানার পাশাপাশি জেলা চাইল্ড হেল্পলাইনেও অভিযোগ জানান। চাইল্ড হেল্পলাইন গোপন সূত্রে খবর পায়, শনিবার মেয়েটি এক ব্যক্তির সঙ্গে মুম্বই থেকে ফিরে দাঁইহাটের অগ্রদ্বীপ বাজার হয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছে। এরপই চাইল্ড হেল্পলাইনের প্রতিনিধিরা দাঁইহাটে অভিযান চালিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করেন।জেলা চাইল্ড হেল্পলাইনের প্রোজেক্ট কো-অর্ডিনেটর অভিজিৎ চৌবে বলেন, জেলা প্রশাসন, নাদনঘাট ও কাটোয়া থানার সহযোগিতায় দাঁইহাট থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।



