সংবাদদাতা, কাঁথি: নাবালিকাকে অপহরণে সহযোগিতার অভিযোগে অপহরণকারী যুবকের বাবাকে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কালীপদ দাস। বাড়ি খেজুরির কাদিরপুর এলাকায়। মঙ্গলবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, কয়েকমাস আগে খেজুরির কার্তিকখালি এলাকার এক নাবালিকা টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ হয়। নাবালিকার বাড়ির লোকজন থানায় মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নামে। তবে অপহরণকারী যুবক ও নাবালিকাকে পায়নি পুলিস। শেষ পর্যন্ত সোমবার এই অপহরণ কাণ্ডে সহযোগিতার অভিযোগে পুলিস অপহরণকারী যুবকের বাবাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি অপহরণকারী যুবককে গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।



