Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে অপহরণ, ধর্ষণে গ্রেপ্তার দুই

নাবালিকাকে অপহরণ, ধর্ষণে গ্রেপ্তার দুই
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: দিদির বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশী ১৭ বছরের নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক ও তার বাবা। পুলিস ও পরিবার সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানা এলাকার এক যুবক ইটাহারে নির্যাতিতা নাবালিকার গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। সেখানে দু’জনের পরিচয় হয়। গত ১৫ জুলাই সন্ধ্যা থেকে নাবালিকা নিঁখোজ হলে পরিজনেরা আত্মীয়স্বজন সহ এলাকায় অনেক খোঁজার পরেও হদিশ পাননি। পরে তাঁরা জানতে পারেন প্রতিবেশীর বাড়িতে আসা ওই যুবক নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই ঘটনার দিনছয়েক পর নাবালিকা অভিযুক্ত যুবকের গোপন ডেরা থেকে পালিয়ে প্রথমে হরিরামপুর বাস টার্মিনাস এলাকায় আসে। সেখান থেকে স্থানীয়দের সাহায্যে সে বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানায়।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে অপহরণ করার পর প্রাণে মারার হুমকি দিয়ে দেহব্যবসা করানোর চেষ্টা করেছিল যুবক। সেজন্য নাবালিকাকে নির্জন জায়গায় আটকে রাখে। পাশাপাশি ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় ধৃতের এক পরিজন তাকে সাহায্য করেছিল। নাবালিকার বাবা চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। তিনি বলেন, ওই যুবক আমার মেয়ের জীবন নষ্ট করেছে। কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইটাহার থানার পুলিস। তবে ওই যুবক গা ঢাকা দিয়েছিল। শুক্রবার অভিযুক্ত সহ তার বাবাকে হরিরামপুর থানা এলাকায় বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিস।
ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ