সংবাদদাতা, তুফানগঞ্জ: এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার মহিষকুচি-১ পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে। রাতেই নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রফিজুল মিয়াঁ। তার বাড়ি ওই এলাকাতেই। নাবালিকার মা বলেন, মেয়ে বাজারে গিয়েছিল। ফেরার পথে প্রতিবেশী ওই যুবক টেনে হিঁচড়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে ধরে পুলিসের হাতে তুলে দেয়। আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বক্সিরহাট থানার পুলিস ঘটনার তদন্ত করছে।



