সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রাতের অন্ধকারে টেনে হিঁচড়ে গলির আড়ালে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’বছরের ওই নাবালিকা মেলা দেখতে দাদুর বাড়ি এসেছিল। রবিবার রাত ১০টা নাগাদ সে মাসির মেয়ের সঙ্গে বাড়ির পাশে মাসির বাড়িতে ঘুমাতে যাচ্ছিল। সেসময় ওই গ্রামের যুবক জসিম আলি তাদেরকে রাস্তায় আটকে টানাহেঁচড়া করতে থাকে বলে অভিযোগ। যুবকের হাত ফসকে এক নাবালিকা পালিয়ে গেলেও অন্যজন পারেনি। তাকে গলিতে টেনে নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে পরিবার সহ স্থানীয়রা ছুটে এলে যুবক পালিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এনিয়ে রাতেই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার জেল হেফাজত হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।



