নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ঘরে আটকে নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ২০ বছর জেলের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু শূর ওই সাজা ঘোষণা করেন।
আদালত সূত্রে খবর, ঘটনাটি ২০১৯ সালে বানারহাট থানার একটি চা বাগান এলাকার। নাবালিকার তখন বয়স ছিল ১৩ বছর। ঘটনার দিন সকালে সে ঝাড়ু আনতে যায় ওই ব্যক্তির বাড়িতে। সেসময় ঘরে আটকে নাবালিকাকে সে ধর্ষণ করে। ঘটনার জেরে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে নাবালিকা। বোনকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞাসা করে নাবালিকার দিদি। সেসময় সে গোটা ঘটনা জানায়। নাবালিকার বাবা ও দাদা কাজে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফিরলে নাবালিকার দিদি তাঁদের বিষয়টি জানান। এরপরই নাবালিকার বাবা বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
মামলার সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামিকে ২০ বছরের জেল সহ ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও দু’মাস জেল।