সংবাদদাতা, কাঁথি: নাবালিকাকে বিয়ে এবং বধূ অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জুনপুট কোস্টাল থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রবীর জানা। বাড়ি সংশ্লিষ্ট থানা এলাকায়। সে ট্রলারকর্মী। তার বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট এবং পকসো মামলা রুজু করা হয়েছে। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বছরদেড়েক আগে প্রবীর ওই নাবালিকাকে বিয়ে করে। বেশ কিছুদিন আগে ওই নাবালিকা বধূ অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এমতাবস্থায় সে গুরুতর অসুস্থ হয়। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন বাড়ির লোকজন। সেখানে পরীক্ষার পর চিকিৎসক জানতে পারেন, তার দুটি কিডনিই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি নাবালিকা বর্তমানে অন্তঃসত্ত্বা। তার বয়স সাড়ে সতেরো বছর। যেহেতু নাবালিকা বধূ, তাই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট ভবানীপুর থানাকে জানায়। ভবানীপুর থানার পুলিস প্রাথমিক তদন্ত করার পর এব্যাপারে জিরো এফআইআর করে মামলাটি জুনপুট কোস্টাল থানায় স্থানান্তর করে। এরপরই পুলিস তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে।



