সংবাদদাতা, বিষ্ণুপুর: নাবালিকা হওয়ায় শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে এসেছিলেন বাড়ির লোকেরা। সেই অভিমানে বিষপান করে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে তালডাংরার চাঁদাবিলা গ্রামে। সোমবার ভোরে বিষ্ণুপুর সুপারস্পেশালিটি হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ফুলমনি হেমব্রম (১৪)। তার বাড়ি চাঁদাবিলা গ্রামেই। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ফুলমনি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করছিল। স্থানীয় একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কয়েকদিন আগে সে প্রেমিকের সঙ্গে তার বাড়িতে চলে যায়। প্রথমে খোঁজাখুঁজি করা হয়। পরে তার সন্ধান পাওয়া যায়। নাবালিকা হওয়ায় আইনি বাধা রয়েছে। সেই কথা বলে তাকে ছেলেটির বাড়ি থেকে নিয়ে আসা হয়। তার তিনদিন পরেই বাড়িতে কেউ না থাকায় ওই সময় সে বিষপান করে। বিষ্ণুপুর সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার মৃত্যু হয়। মৃতের এক আত্মীয় বলেন, নাবালিকা বিয়ে আইনবিরুদ্ধ। এনিয়ে পুলিসি ঝামেলা হতে পারে। সেই কারনে আমরা ফুলমনিকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। কিন্তু সে এভাবে নিজেকে শেষ করে ফেলবে তা বুঝতে পারিনি।



