Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা ধর্ষণ-খুনে ৫২ দিনে চার্জশিট

নাবালিকা ধর্ষণ-খুনে ৫২ দিনে চার্জশিট
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জয়গাঁয় সাত বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার তদন্তে নেমে ৫২ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিল আলিপুরদুয়ার জেলা পুলিস। আর জি করের ঘটনায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেখানে আলিপুরদুয়ার জেলা পুলিস জয়গাঁর নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ৫২ দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়েছে। 
Advertisement
গত ১৬ অক্টোবর জয়গাঁয় সাত বছরের নাবালিকাকে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়। প্রমাণ লোপাটের জন্য নাবালিকার দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পৌশাচিক এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে। এই ঘটনার তদন্তে নেমে পুলিস বাবলু মিয়াঁ, জয়নুল ইসলাম, মনির হোসেন ও মজিবুল আলম নাম চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। মূল অভিযুক্ত বাবলু মিয়াঁ জিলিপির লোভ দেখিয়ে নাবালিকাকে জয়গাঁর একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ পেয়েই পুলিস বাবলুকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। পরে বাকি তিন জনকে গ্রেপ্তার করা হয়। নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে পুলিস পকসো ধারায় মামলা রুজু করে। যাবতীয় তদন্তের পর পুলিস শুক্রবার ধৃতদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। স্বল্প সময়ে এমন একটি ঘটনার চার্জশিট জমা দেওয়ায় অনেকে জেলা পুলিসের দক্ষতারই প্রমাণ মনে করছে। এবার এই কেসের ট্রায়াল হবে। পুলিস অল্পদিনে চার্জশিট জমা দেওয়ায় এবার সুবিচারের আশায় বুক বাঁধছে নাবালিকার পরিবারও। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, জয়গাঁর নাবালিকা ধর্ষণের ঘটনার ৫২ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আশা করছি এবার এই কেসের দ্রুত নিষ্পত্তি হবে।
সম্পর্কিত সংবাদ