Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাড়ুয়াবিলা সমবায়ে বিনা ভোটে বোর্ড দখলের পথে তৃণমূল  

নাড়ুয়াবিলা সমবায়ে বিনা ভোটে বোর্ড দখলের পথে তৃণমূল
 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: এনআইএ-র হাতে গ্রেপ্তারের পর ১০মাস জেলবন্দি অর্জুননগরের অঞ্চল তৃণমূল সভাপতি। অথচ, ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের সেই নাড়ুয়াবিলায় সমবায় ভোটে প্রার্থীই দিতে পারল না বিজেপি। এই সমিতিতে ন’টি আসন রয়েছে। শুক্রবার বিকেল ৩টে পর্যন্ত মনোনয়নপত্র তোলার দিন ছিল। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল মনোনয়ন তুলতে পারেনি। বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্ত সত্ত্বেও রাজনৈতিক ফায়দা নিতে ব্যর্থ বিজেপি। তৃণমূল প্রার্থীদের নিয়ে অবশ্য বিজয় উৎসব শুরু করে দেন কর্মী-সমর্থকরা। তাঁদের গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে কপালে সবুজ আবিরে দিয়ে বিজয় উৎসব শুরু করে শাসক দল।
Advertisement
নাড়ুয়াবিলা, মধ্যবিলা, উত্তর দীঘা, মুণ্ডপাড়া, কমলনয়নবাড় সহ মোট আটটি মৌজার ৭২৪জন ওই সমবায় সমিতির সদস্য। ২০২০সালে ২০জুলাই ওই সমবায় সমিতির বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর চার-পাঁচ বছর ওই সমবায় সমিতিতে বোর্ড নেই। গত ১৩ফেব্রুয়ারি এই সমবায়ে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়। আগামী ১৯মার্চ ভোট হওয়ার কথা। শুক্রবার মনোনয়ন তোলার দিন ছিল। শনিবার জমা করার দিন ধার্য রয়েছে। এদিন মনোনয়ন তোলা উপলক্ষ্যে যাতে ঝামেলা না হয়, সেই জন্য সমিতির অফিসে ভূপতিগর থানা থেকে পর্যাপ্ত বাহিনী ছিল। কিন্তু, তৃণমূল ছাড়া অন্য কোনও দলের তরফে মনোনয়ন তোলা হয়নি।
২০২২সালে ২ডিসেম্বর নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় নাড়ুয়াবিলা বুথের তৃণমূলের সভাপতি রাজকুমার মান্না সহ তিনজন মারা যান। ওই ঘটনায় তদন্তভার হাতে পায় এনআইএ। অভিযোগ, ২০২৩সালে পঞ্চায়েত ভোট এবং ২০২৪সালে লোকসভা ভোটের মুখে এনআইএ ওই ঘটনায় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। গত বছর ৬এপ্রিল এজেন্সি নাড়ুয়াবিলা ও নীচনাড়ুয়া গ্রামে হানা দেয়। অর্জুননগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাইচরণ মাইতি ও নীচনাড়ুয়া বুথের সভাপতি মনোব্রত জানাকে গ্রেপ্তার করা হয়। গত ২৯জানুয়ারি হাইকোর্ট শর্ত সাপেক্ষে দু’জনের জামিন মঞ্জুর করলেও শর্তভঙ্গের অভিযোগে ১৪ফেব্রুয়ারি ফের জেল হেফাজত হয়েছে।
নাড়ুয়াবিলা সমবায় সমিতিতে জেতা তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট ছিল। সেইমতো শাসক দলের তরফে প্রস্তুতিও ছিল। কিন্তু, লড়াইয়ের ময়দানে বিপক্ষ দল না থাকায় আপাতত বিনা ভোটে জয়ের পথে তৃণমূল। ওই সমবায় সমিতির ম্যানেজার শশাঙ্কশেখর করণ বলেন, শুক্রবার মনোনয়ন তোলার দিন ধার্য ছিল। কিন্তু, তৃণমূল কংগ্রেস সমর্থিত নয় প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন তোলেনি। আগামী ১৯মার্চ ভোট হচ্ছে না। স্ক্রুটিনির পর প্রার্থীদের অফিসিয়ালি জয়ী ঘোষণা করা হবে। 
জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া বলেন, নাড়ুয়াবিলা সহ গোটা ভগবানপুর-২ব্লকে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। নাড়ুয়াবিলা বিস্ফোরণ নিয়ে বিজেপি এত হইচই করার পরও সেখানে সমবায় ভোটে প্রার্থীই দিতে পারল না। এজেন্সি নির্ভর হয়ে যে ভোটে জেতা যায় না, তা আরও একবার প্রমাণিত হল।ভগবানপুরের বিধায়ক তথা বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি বলেন, নাড়ুয়াবিলায় গণতান্ত্রিক পরিবেশ নেই। স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ৩০-৪০টি করে মামলা দায়ের করা হয়েছে। মনোনয়ন জমা দিতে গেলে শাসক দল বাধা দেবে। প্রতিরোধ করতে গেলে মিথ্যা মামলা দেবে পুলিস। তাই আমরা সেখানে লড়াইয়ে যাইনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ