সংবাদদাতা, লালবাগ: নবগ্রামে ধান কাটার কাজে এসেছিলেন দম্পতি। কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। সেই সময় রেগে স্ত্রীর গালে সপাটে চড় মারেন স্বামী। তাতেই মৃত্যু হল স্ত্রীর। নবগ্রাম থানার বড়বাথান মিল্কির ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম রিমোলা হেমব্রম(১৬)। বাড়ি বীরভূম জেলার নলহাটি থানা এলাকায়। অভিযুক্ত স্বামী সুনিরাম কিস্কুকে আটক করেছে পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে ধান কাটার শ্রমিকের কাজ করতে স্ত্রীকে নিয়ে নবগ্রামের বড়বাথান মিল্কি গ্রামে এসেছিল সুনিরাম। ওই গ্রামের এক আত্মীয়ের বাড়িতে থেকে দু’জনেই ধান কাটার কাজ করছিল। বুধবার বিকেলে কাজ সেরে ফেরার পর কোনও একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। ঝগড়া চলাকালীন সুনিরাম তার স্ত্রীকে চড় মারলে সে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে পলশন্ডা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবগ্রাম থানার এক আধিকারিক বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।



