সংবাদদাতা, বহরমপুর: পৃথক দু’টি পথ দুর্ঘটনায় নবগ্রাম ও ডোমকল থানা এলাকায় মৃত্যু হল এক বৃদ্ধা ও বৃদ্ধের। সোমবার রাতে নবগ্রাম থানার পলসণ্ডা মোড়ে ১২নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সুমিত্রা সাহানি(৭০) নামে বৃদ্ধার। তাঁর বাড়ি পলসণ্ডাতেই। অপরদিকে মঙ্গলবার সকালে ইসলামপুর-ডোমকল রাজ্য সড়কের উপর ডিপুরমোড়ে যাত্রীবাহী বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় সামসুদ্দিন মণ্ডলের(৭০)। তাঁর বাড়ি ডোমকল থানার পাঁচ নম্বর সারাংপুর জিপির মাদারপুরে। যাত্রীবাহী বাসটিকে আটক করেছে ডোমকল থানার পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমিত্রাদেবী পলসণ্ডা মোড়ে একটি হোটেলে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়ক পারাপারের সময় বহরমপুরের দিক থেকে একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। হোটেল কর্মীরা সুমিত্রাদেবীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে রাতেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে পেশায় ঠিকাদার সামসুদ্দিন সাহেব মঙ্গলবার সকালে ইলেকট্রিক স্কুটি নিয়ে হেতানপুর যাচ্ছিলেন। এদিন সকাল ৬টা নাগাদ ডিপুরমোড়ে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা মারে।



