Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে মাঠ থেকে প্রৌঢ়ার নলি কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য

নবগ্রামে মাঠ থেকে প্রৌঢ়ার নলি কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শুক্রবার সকালে নবগ্রাম থানার রাইন্ডা গ্রামের খাবচিডাঙা মাঠ থেকে এক আদিবাসী প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রৌঢ়ার গলার নলি ও হাতের শিরা কাটা রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম অঞ্জলি টুডু(৫২)। বাড়ি নবগ্রাম থানার চয়ননগর গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিস ও প্রৌঢ়ার পরিবারের লোকজন। নবগ্রাম থানার এক পুলিস আধিকারিক বলেন, মৃতার পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। খুনের কারণ স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। 
Advertisement
মৃতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর আগে উত্তর দিনাজপুরে বিয়ে হয় ওই প্রৌঢ়ার। পরবর্তীতে স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় চয়ননগরে ফিরে আসেন। গত ১৫ বছর ধরে চয়ননগরে মায়ের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে কোদাল ও হাঁসুয়া শান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খাবচিডাঙা মাঠে ওই প্রৌঢ়ার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নবগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিস ঘটনাস্থলে আসে। 
মৃতার দাদা প্রশান্ত টুডু বলেন, বোন বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর না ফিরে আসায় খোঁজাখুঁজি শুরু করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে খুঁজেও কোনও হদিশ পাওয়া যায়নি। সকালে রাইন্ডা গ্রামের এক পরিচিতের থেকে খবর পেয়ে ছুটে এসেছি। বোনকে খুন করা হয়েছে। পুলিস দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করুক। চয়ননগরের পঞ্চায়েত সদস্য আশুতোষ হেমব্রম বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলায় ও হাতে কোপানো হয়েছে। ওই প্রৌঢ়াকে কখনও কারও সঙ্গে ঝগড়া বিবাদে জড়াতে দেখিনি। পুলিস অপরাধীদের খুঁজে বের করুক।
সম্পর্কিত সংবাদ