সংবাদদাতা, লালবাগ: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঠিক কর্মমুখী কোর্স নির্বাচন, স্কলারশিপ, শিক্ষা ঋণ সহ বিভিন্ন বিষয়ে অবগত করতে রবিবার কেরিয়ার কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত হল। নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের উদ্যোগে বিবেক মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নবগ্রামের বিধায়ক ছাড়াও তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, তৃণমূলের নবগ্রাম ব্লক সভাপতি মহম্মদ এনায়েততুল্লা এবং বিধানসভা এলাকার ২০টি স্কুলের ১২০০ উচ্চ মাধ্যমিক পড়ুয়া উপস্থিত ছিল। পড়ুয়াদের উচ্চ শিক্ষার পাশাপাশি তাদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে আলোচনা করেন কর্মসূচিতে উপস্থিত চিকিৎসক, কৃষি বিজ্ঞানী, কলেজের অধ্যক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা। ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণে সর্বদা পাশে থাকতেই এই প্রয়াস বলে উদ্যোক্তারা জানিয়েছেন।



