Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে গাড়িতে ‘অ্যাডভোকেট’ লিখেও পাকড়াও গাঁজা পাচারকারীরা

নবগ্রামে গাড়িতে ‘অ্যাডভোকেট’ লিখেও পাকড়াও গাঁজা পাচারকারীরা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: পুলিসের চোখে ধুলো দিতে ‘অ্যাডভোকেট’ লেখা গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার নবগ্রাম থানার শিবপুর বাসস্ট্যান্ড লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে পুলিস ২২০কেজি গাঁজা সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বীরেন্দ্র বর্মন, সেন্টু বর্মন ও বিকাশ রায়। প্রথম দু’জন কোচবিহারের বাসিন্দা। বিকাশের বাড়ি জলপাইগুড়িতে।
Advertisement
লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, উত্তরবঙ্গ থেকে দু’টি ছোট গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল। একটি গাড়ির সামনে অ্যাডভোকেট লেখা ছিল। দু’টি গাড়ির মধ্যে একটির গন্তব্যস্থল ছিল কৃষ্ণনগর। অপরটি কলকাতা যাচ্ছিল। দু’টি গাড়ি থেকে ২২০কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। গাঁজা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিস হেফাজতে নেওয়া হবে।
নবগ্রাম থানার পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, এদিন ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার হবে। সেই অনুযায়ী দুপুর থেকে শিবপুর বাসস্ট্যান্ড লাগোয়া জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু হয়। বিকেল ৩টা নাগাদ অ্যডভোকেট লেখা গাড়ি ও তার পেছনের গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাঁজা বাজেয়াপ্ত হয়। দু’টি গাড়ির নীচের দিক সহ বিভিন্ন জায়গায় বিশেষ কুঠুরি তৈরি করে থরে থরে গাঁজা সাজানো ছিল। পুলিসের তল্লাশি এড়াতে একটি গাড়ির সামনের কাচে অ্যাডভোকেট লেখা ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ