সংবাদদাতা, লালবাগ: শুক্রবার সকালে নবগ্রামে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় জখম হয়েছেন তিনজন। একটি ঘটনায় নবগ্রামে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে। ১২ নম্বর জাতীয় সড়কে গোগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় পিকআপ ভ্যানটি রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। গাড়ির চালক গুরুতরভাবে জখম হন। পুলিস লরিটিকে আটক করলেও চালক পলাতক। পুলিস সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি নলহাটিতে সব্জি খালি করে বেলডাঙায় ফিরছিল। অন্যদিকে, এদিন সকালে নবগ্রাম থানার তারগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বাদশাহি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে গর্তে উল্টে যায়। লরিটিতে কয়লার গুড়ো বোঝাই করা ছিল। ঘটনায় গাড়ির চালক ও খালাসি জখম হন।



