Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে ঢালাই রাস্তার কাজের সূচনা, খুশি বাসিন্দারা

নবগ্রামে ঢালাই রাস্তার কাজের সূচনা, খুশি বাসিন্দারা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: অবশেষে শুরু হল নবগ্রাম ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী মাঝিপাড়ার সড়ক নির্মাণের কাজ। ফিতে কেটে ওই কাজের শুভ সূচনা করেন এলাকার প্রবীণ বাসিন্দা সন্তোষ হাঁসদা ও সন্ধি সোরেন। উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, নারায়ণপুর পঞ্চায়েত প্রধান উত্তম মণ্ডল এবং পঞ্চায়েত সদস্য সঞ্জয় সোরেন প্রমুখ। দীর্ঘদিনের রাস্তার দাবি মেটায় খুশি গ্রামবাসীরা। রূপলালবাবু বলেন, আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য সম্প্রতি আমরা একটি আলোচনা সভার আয়োজন করি। আদিবাসী সমাজের উন্নয়নের মধ্য দিয়ে নবগ্রামের প্রকৃত বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য।
Advertisement
প্রায় দুই দশক আগে নারায়ণপুর পঞ্চায়েতের আদিবাসীপাড়ার মাঝিগ্রাম থেকে আরুলিয়া যাওয়ার মাটির রাস্তায় মোরাম বিছানো হয়। তার পরে আর কাজ হয়নি। ফলে রাস্তাটি আবার আগের অবস্থায় ফিরে আসে। স্বাভাবিকভাবেই গ্রীষ্মে যেমন ধুলোতে বাড়িঘর ভরে ওঠে তেমনি বর্ষায় জলকাদায়  চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাধ্য হয়ে এলাকাবাসী ঘুরপথে পলশন্ডা পৌঁছে গন্তব্যে রওনা দেন। সম্প্রতি আদিবাসী মাঝিপাড়ার ২৩৫ মিটার ঢালাই রাস্তা নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হয়। রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার তহবিল থেকে ৯ লক্ষ ৪৬ হাজার টাকা বরাদ্দ হওয়ায় এদিন ওই ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা হল।  পঞ্চায়েতের প্রধান বলেন,  তিনটি রাস্তার সংযোগকারী এই রাস্তা ঢালাই হলে এলাকার মানুষ সহজেই  দক্ষিণগ্রাম ও পলশন্ডা পৌঁছতে পারবেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্দশা ঘুচবে।
সম্পর্কিত সংবাদ