সংবাদদাতা, লালবাগ: রবিবার বিকেলে নবগ্রাম থানার সাঁকুরিয়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতার নাম মমতা টুডু(৪৫)। সোমবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতার পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ওই মহিলার বাড়ির পাশেই একটি মাঠে জ্বালানির জন্য গাছের শুকনো ডাল কাটতে গিয়েছিল। গাছে উঠে গাছ কাটার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানতে পেরে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি পাম্প চালানোর জন্য হুকিং করেছেন। হুকিং’এর তার ওই গাছের পাশ দিয়ে গিয়েছে। ডাল কাটার সময় ওই মহিলা কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। নবগ্রাম থানার পুলিস আধিকারিক বলেন, কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



