সংবাদদাতা, লালবাগ: নবগ্রামে মাঠ থেকে আদিবাসী প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধারের একদিন পরেও পুলিস কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। ফলে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতার পরিবার। নবগ্রাম থানার এক আধিকারিক বলেন, মৃতার পরিবার লিখিত অভিযোগ জানিয়েছে। তবে ওই অভিযোগপত্রে কারও নাম উল্লেখ নেই। সেকারণে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
Advertisement
শুক্রবার সকালে নবগ্রাম থানার খাবচিডাঙার মাঠ থেকে অঞ্জলি টুডু নামে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মহিলার গলায় ও হাতে ধারালো অস্ত্রের কোপ মারার চিহ্ন ছিল। তাঁর পরিবার জানিয়েছে, কোদাল ও হাঁসুয়া শান দিতে কামারশালায় যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে ওই প্রৌঢ়া চয়ননগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন। শুক্রবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খাবচিডাঙা মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। কী কারণে ওই আদিবাসী মহিলাকে খুন হতে হল-সেবিষয়ে এখনও অন্ধকারে পুলিস।



