নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০২ কেজি গাঁজা উদ্ধার করল বেঙ্গল এসটিএফ। দুই মাদক করবারিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল সুজিতকুমার বিশ্বাস ও জয়ন্ত কর্মকার। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায়। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন এসটিএফ আধিকারিকরা। এসটিএফ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, শুক্রবার রাতে আমরা একটি লরি আটক করি। তল্লাশি চালিয়ে ১০২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে নবগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে। যে লরি করে মাদক আনা হচ্ছিল সেটিকেও আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারে আর কারা কারা যুক্ত আছে, তা জানার চেষ্টা চলছে।



