সংবাদদাতা, মায়াপুর: নবদ্বীপ শহরের মণিপুর রোডে বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্কের সামনের রাস্তার কালভার্টের বেহাল দশা। দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে কালভার্টের একাংশ। ফলে রাস্তার মধ্যেই তৈরি হয়েছে গর্ত। যা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর লরি, টোটো, বাইক, সাইকেলসহ ছোটবড় নানা ধরনের যানবাহন যাতায়াত করে। যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চারমাসেরও বেশি সময় ধরে রাস্তার এই বেহাল অবস্থা হয়ে রয়েছে। প্রায়ই এখানে দুর্ঘটনাও ঘটছে। অথচ প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে না। ইতিমধ্যেই মাসখানেক আগে এক স্কুলছাত্রীর সাইকেলের সামনের চাকা ওই গর্তে ঢুকে যায়। মেয়েটি সামান্য জখম হয় ও তার সাইকেলের ক্ষতি হয়। এই রাস্তায় প্রতিদিনই পুলিস-প্রশাসনের বিভিন্ন গাড়ি যাতায়াত করে, অথচ কেউ নজর দিচ্ছে না। স্থানীয় মনিহারি দোকানের মালিক অশোক সেন বলেন, আরও ভয়াবহ ঘটনা ঘটে গত রবিবার সন্ধ্যায়। একটি টোটোর সামনের চাকা ওই গর্তে আটকে যায়। আচমকা হাইড্রোলিক ভেঙে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টোটোর সামনের কাচ ভেঙে কপাল ফেটে গুরুতরভাবে জখম হন চালক। স্থানীয় মানুষ তৎক্ষণাৎ তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অশোকবাবুর আশঙ্কা, ভাগ্যিস টোটোয় কোনও যাত্রী ছিল না। নাহলে আরও বড় রকমের দুর্ঘটনা ঘটে যেত! এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, মানুষের জীবনের কি কোনও দাম নেই? ভোটের পরে নেতারা সাধারণ মানুষকে আর চিনতে পারেন না। প্রশাসনের উচিত অবিলম্বে এই রাস্তার কালভার্টটি সংস্কার করা। এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার আশিস চক্রবর্তী বলেন, এই ব্যাপারে কারও তরফেই লিখিত বা মৌখিক কোনও অভিযোগ আসেনি। যদিও রাস্তাটি পিডব্লুডির আওতায়। তবুও সাধারণ মানুষের তো সমস্যা হচ্ছে। তাই আমি নিজের উদ্যোগেই বিষয়টি পৌরসভায় জানিয়েছি। খুব শীঘ্রই রাস্তার ওই বিপজ্জনক অংশ মেরামত করা হবে।



