সংবাদদাতা, মায়াপুর: নবদ্বীপের তেঘরিপাড়া বাজারে দেখা মিলছে প্রায় দেড়-দুই ফুট উচ্চতার টার্কির। শহরের কোনও বাজারে এই প্রথম টার্কি দেখতে পাওয়া গেল। এই পাখি দেখতে কৌতূহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ এটিকে সাদা ময়ূর ভেবেও ভুল করেন। যদিও সাধারণ ব্রয়লার মুরগির তুলনায় টার্কির দাম বেশি হওয়ায় দিনের শেষে তা কিনলেন না কেউই। টার্কি বিক্রেতা বছর উনিশের আনিস মণ্ডল বলেন, প্রায় ছয় কেজি ওজনের টার্কিটির দাম চার হাজার টাকা। চাল ও গমের ভূষি এদের প্রধান খাদ্য। দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। রোজ নানা জায়গায় ঘুরে টার্কি বিক্রি করি। এবার প্রথম নবদ্বীপে এলাম। সেইসঙ্গে পড়াশোনাও করি। এবার মাধ্যমিক দেব। নধর সাইজের টার্কিটি ছাড়াও একটা জাল লাগানো ঝুড়িতে ছোট ছোট প্রায় শ’খানেক টার্কির ছানা এনেছিলেন আনিস। প্রতিটির দাম ৪০ টাকা। কয়েকটি ছানা মানুষ পোষার জন্য কিনে নিয়ে গেলেও দিনের শেষে বড় টার্কিটি বিক্রি হল না। আনিসের আফশোস, অনেকেই টার্কির সঙ্গে সেলফি তুলল। কেউ আবার ছুঁয়েও দেখল। কিন্তু শেষ পর্যন্ত কিনল না কেউই।



