সংবাদদাতা, নবদ্বীপ: জরুরি বিভাগে ঢুকতে বিভিন্ন জায়গায় লেখা আছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নতুন ভবন চত্বরে। সেখানে যত্রতত্র জঞ্জাল পড়ে থাকছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। নাক সিটকাচ্ছেন অনেকেই। নতুন ভবনের সামনে সম্প্রতি একটি যাত্রী অপেক্ষালয়ের আচ্ছাদন তৈরি করা হয়েছে। তারই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, ব্যাগ, খাবারের বিভিন্ন প্যাকেট থেকে শুরু নানান আবর্জনা। এসব নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রোগীর পরিবার।
Advertisement
যদিও এপ্রসঙ্গে হাসপাতাল সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় বলেন, রোগীর পরিবারের জন্য যে আচ্ছাদন তৈরির কাজ চলছে, পুরোপুরি তা শেষ হয়নি। এর মধ্যে বেশ কিছু রোগীর পরিবারের লোকজন যত্রতত্র এসব বোতল প্যাকেট ফেলছে। যেহেতু আমাদের কর্মী কম আছে তাই নিয়মিত পরিষ্কার করা সম্ভব হয় না। তবুও আমরা চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার রাখার। এ ব্যাপারে রোগীর পরিবারের সচেতনতারও দরকার আছে। আমরা এবিষয়ে স্থায়ী সমাধানের জন্য উপরমহলে জানিয়েছি।



