সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের তৃতীয়-কোয়ার্টার ফাইনালে জয়ী হল পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার। সোমবার দুপুরে নবদ্বীপের বিবেকানন্দ স্টেডিয়ামে তারা হুগলির কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে উঠল। এদিন দু›জন বিদেশিকে নিয়ে কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব দল গঠন করেছিল। বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টারের হয়ে কোনও বিদেশি খেলেনি। প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। খেলার ৯ মিনিটের মাথায় বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টারের হয়ে গোল করেন সৌরভ ঘোষ। তবে ২৯ মিনিটের মাথায় কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়নের স্বর্ণদ্বীপ বিশ্বাস গোল করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন। কিন্তু গোল করতে তারা ব্যর্থ হয়। খেলার অতিরিক্ত পেনাল্টি পায় বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার। বিদ্যানগরের হয়ে দ্বিতীয় গোলটিও করেন সৌরভ ঘোষ।



