সংবাদদাতা, নবদ্বীপ: সোমবার নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপের প্রথম রাউন্ডের একাদশ ম্যাচ শেষে জয়ী হল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। এদিন নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় তারা দাঁইহাট এসআর ফুটবল অ্যাকাডেমিকে ১-০ গোলে পরাজিত করে। এদিন দু’জন বিদেশি নিয়ে দল গঠন করেছিল দাঁইহাট এসআর ফুটবল অ্যকাডেমি। শুরু থেকেই দাঁইহাট এসআর ফুটবল অ্যাকাডেমি আক্রমণ করলেও ফিরতি আক্রমণ চালিয়ে প্রথমার্ধে ২৩ মিনিটে মাথায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টসের রবি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধেও খেলায় দু’দলই গোল করার মতো সুযোগ পেলেও কোনও দলই গোল করতে পারিনি।



