সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়ী হল সেবক সমিতি। মঙ্গলবার দুপুরে নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ৫-৪ গোলের ব্যবধানে নবদ্বীপ বিএসএফ ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয়-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এদিন সেবক সমিতি চারজন বিদেশি খেলোয়াড় নিয়ে দল গঠন করেছিল। বিএসএফ ক্লাবে ছিল তিনজন বিদেশি। এদিনের খেলায় তুলনামূলক আক্রমণ বেশি ছিল প্রতাপনগর বিএসএফ ক্লাবের। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়লেও কেউ গোল করতে পারেনি। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এদিন সেবক সমিতির গোলরক্ষক রামকৃষ্ণ দেবনাথ একটি পেনাল্টি শট আটকে দেন। ফলে ৫-৪ গোলে জয়ী হয় সেবক সমিতি। বুধবার ১৮ ডিসেম্বর তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ও পূর্ব বর্ধমানের দামোদরপাড়া আদিবাসী মা মনসা ক্লাব।



