সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়ী হল মিলন সঙ্ঘ। রবিবার দুপুরে বিবেকানন্দ স্টেডিয়ামে তারা সেবক সমিতিকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে পৌঁছে গেল। এদিন মিলন সঙ্ঘ চারজন বিদেশিকে নিয়ে দল গঠন করেছিল। সেবক সমিতির হয়ে ছ’জন বিদেশিকে খেলতে দেখা যায়। সোমবার ৩০ ডিসেম্বর তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার ও হুগলির কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন। এদিন নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে ও ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পরিচালনায় নয়দলীয় টি-২০ লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হল। রবিবার স্থানীয় প্যাক কোম্পানির মাঠে এর উদ্বোধন করেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি ও স্থানীয় কাউন্সিলার মিহিরকান্ত পাল সেখানে উপস্থিত ছিলেন। এদিন নবদ্বীপ তরুণ সঙ্ঘ ও কালিকা ইয়ং অ্যাথলেটিক ক্লাবের মধ্যে উদ্বোধনী খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে তরুণ সঙ্ঘ ৪ উইকেটে ২৭৪ রান করে। জবাবে ১৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান করে ইয়ং অ্যাথলেটিক। ফলে ১৯৫ রানে জয়ী হয় তরুণ সঙ্ঘ। শহরের বহু ক্রিকেটপ্রেমী মানুষ খেলা দেখতে উপস্থিত ছিলেন।



