Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে সকার কাপে জয়ী স্বাধীন ভারত ক্লাব

নবদ্বীপে সকার কাপে জয়ী স্বাধীন ভারত ক্লাব
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা আয়োজিত দশম বর্ষ ‘সকার কাপ’ ফুটবলের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় বৃহস্পতিবার জয়ী হল নবদ্বীপ স্বাধীন ভারত ক্লাব। এদিন তারা বারাকপুর স্পোর্টস অ্যাকাডেমিকে ১-০ গোলে হারিয়ে দেয়। এর ফলে ওই ক্লাব প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। এদিন দুপুরে নবদ্বীপের বিবেকানন্দ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে টানটান উত্তেজনা ছিল। শুরু থেকেই দু’টি দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণ করেন। তবে প্রথমার্ধে আক্রমণ বেশি ছিল তিন বিদেশি নিয়ে দলগড়া বারাকপুর স্পোর্টস অ্যাকাডেমির। স্বাধীন ভারত ক্লাবের হয়ে এদিন কোনও বিদেশি খেলোয়াড় ছিল না। প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় স্বাধীন ভারত ক্লাব। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের মাথায় ক্লাবের হয়ে প্রথম গোল করেন রাজু শীল। গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরাতে ঝাঁপিয়ে পড়ে বারাকপুর স্পোর্টস অ্যাকাডেমি। অনেকগুলো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বারাকপুর অ্যাকাডেমির খেলোয়াড়রা। শেষ পর্যন্ত  ১-০ গোলে  জয়ী হয় নবদ্বীপ স্বাধীন ভারত ক্লাব। এই খেলা দেখতে মাঠে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরসভার চেয়ারম্যান তথা টুর্নামেন্ট কমিটির সভাপতি বিমানকৃষ্ণ সাহা। আজ, শুক্রবার প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় মুখোমুখি হবে দি নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ও নবদ্বীপ তরুণ সঙ্ঘ।
Advertisement
সম্পর্কিত সংবাদ