Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে পুরাতত্ত্ব ও  লোকসংস্কৃতি সম্মেলনে ব্যাপক সাড়া

নবদ্বীপে পুরাতত্ত্ব ও  লোকসংস্কৃতি সম্মেলনে ব্যাপক সাড়া
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের উদ্যোগে ৩১ তম গবেষণামূলক ইতিহাস পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হল। শনিবার বিকালে এই সম্মেলনের উদ্বোধন করেন কলকাতা সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক ও বিজ্ঞানী ডঃ অত্রি মুখোপাধ্যায়।  জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসচর্চাকে সমৃদ্ধ করা এবং এই বিষয়ে মানুষকে আগ্রহী ও সচেতন করার উদ্দেশ্যে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের উদ্যোগে এই সম্মেলন হয়ে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষক সাগর চট্টোপাধ্যায়। এবারের মূল প্রবন্ধ পাঠক ছিলেন ডঃ শুভেন্দুকুমার সিদ্ধান্ত। নবদ্বীপের খাল-পুকুর-ডোবা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন গোপাল ঘোষ। এবছর দুদিন ধরে মোট ৩২ জন গবেষক ইতিহাস, পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতি এই তিনটি বিভাগে তাঁদের প্রবন্ধ পাঠ করেন। দুদিন ধরে নবদ্বীপ সহ বাংলার বিভিন্ন প্রান্তের নানা ইতিহাস নিয়ে চর্চা হয়। এই সব আলোচনা বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করে বলেই আশা করেন পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব। এই অনুষ্ঠানে ডাঃ হারাধন ঘটক, সুনীতি সেন, দার্শনিক অরুণ প্রাসাদ সেন ও তপন প্রসাদ সেন স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় দিন রবিবার সারাদিন ধরে চলে প্রবন্ধ পাঠ । এই সম্মেলনে নবদ্বীপের ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন  থেকে একটি ফটো প্রদর্শনী করা হয়। নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ পত্রিকার ২৩ তম সংখ্যা ও আঞ্চলিক ইতিহাস গবেষক যজ্ঞেশ্বর চৌধুরী স্মরণে একটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এবারের সম্মেলন নবদ্বীপের ইতিহাস চর্চার পুরোধা পুরুষ কান্তিচন্দ্র রাঢ়ীর স্মরণে উৎসর্গ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ