Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে ফের কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

নবদ্বীপে ফের কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: সোমবার ভোর থেকে ফের ঘন কুয়াশার জেরে প্রায় সওয়া তিন ঘণ্টা নবদ্বীপ, মায়াপুর ও স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ ছিল। সরস্বতী পুজোর সকালে বহুক্ষণ ধরে নৌকা ও লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় মায়াপুর ও নবদ্বীপে ঘুরতে আসা পুণ্যার্থী ও পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন। ছাত্রছাত্রীদের নদী পেরিয়ে স্কুলে সরস্বতী পুজোয় যেতেও অসুবিধা হয়।
Advertisement
গত কয়েকদিনের তুলনায় সোমবার কুয়াশা একটু বেশিই ছিল। তাতে সামান্য দূরত্বেও কোনও কিছুই দেখা যাচ্ছিল না। অনেক বেলা পর্যন্ত নদীর কূল বোঝা যাচ্ছিল না। টানা কয়েকদিন ধরে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। এতে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে।
পড়ুয়াদের পাশাপাশি এদিন নবদ্বীপ থেকে অনেক শিক্ষক–শিক্ষিকা মায়াপুর বা স্বরূপগঞ্জে স্কুলে যেতে সমস্যায় পড়েন। মায়াপুরের একটি স্কুলে চাকরি করেন নবদ্বীপের বাসিন্দা বিশ্বজিৎ বায়েন। তিনি বলেন, ঘন কুয়াশায় ফের বন্ধ থাকায় ব্যাপক সমস্যা হয়েছে। নৌকা ও লঞ্চে অত্যাধুনিক ফগ লাইট লাগানো হলে ভালো হতো। নবদ্বীপের এলানিয়া শিবতলার বাসিন্দা মৌসুমী দেবনাথ বলেন, একটি বেসরকারি স্কুলে চাকরি করি। কুয়াশার কারণে স্কুলের পুজোয়ো যেতে অনেক দেরি হয়ে গেল।
নবদ্বীপ ফেরিঘাট জলপথ পরিবহণ সমবায় সমিতির এক কর্মকর্তা বলেন, এত কুয়াশার মধ্যে ফগ লাইটও কাজ করে না। আমরা বিষয়টি নিয়ে খুবই চিন্তিত।
Advertisement
সম্পর্কিত সংবাদ