সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে মৃতার নাম রুমকি রাঢ়ীরায়(৩৫)। বাড়ি নবদ্বীপের এমএম চণ্ডীদাস লেন ব্যানার্জি পাড়ায়। শনিবার রাতে ওই গৃহবধূকে তাঁর বাপের বাড়ির চিলে কোঠার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, বাবার বাড়িতে ছ›বছরের মেয়েকে নিয়ে থাকতেন রুমকিদেবী। তাঁর স্বামী কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। মৃতার বাবা সঞ্জয় রাঢ়ী জানান, আমার মেয়ের শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের তেলিনিপাড়ায়। জামাই কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকে। সেকারণে ৫-৭ বছর ধরে ওর ছয় বছরের মেয়েকে নিয়ে আমাদের কাছেই থাকত। শনিবার সরকারপাড়ায় আমার বড় শ্যালিকার জন্মদিনে রুমকির মায়ের সঙ্গে বাচ্চাটি গিয়েছিল। শরীর খারাপ থাকায় রুমকি যেতে চায়নি। সন্ধ্যার পর ও আমাকে চা করে দিয়ে নিজের ঘরে চলে যায়। রাতে ওর মা বাড়ি ফিরে মেয়ের খোঁজ করেন। কিন্তু কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির চিলে কোঠায় রুমকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। জানি না কী কারণে এই পথ বেছে নিল।



