সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে শ্রীশ্রী রাধা মদনমোহন মন্দিরের পরিক্রমার ভিড়ের মধ্যে থেকে হার চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিস। মঙ্গলবার সকালে মন্দির চত্বর থেকে মিনা সাউ নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে। ধৃত মহিলার বাড়ি পূর্ব বর্ধমানে। জানা গিয়েছে, নবদ্বীপ ব্রজানন্দ গোস্বামী রোডের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা মদনমোহন জিউ মন্দিরে গত রবিবার থেকে ৯৩ তম গুরুনির্য্যাণ মহামহোৎসব শুরু হয়। সোমবার ছিল মন্দিরের মহানগর সংকীর্তন। সেই উপলক্ষ্যে মন্দির চত্বরে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড় ছিল। সেই ভিড়ের সুযোগ নিয়ে গুরু বাড়িতে উৎসব উপলক্ষ্যে আসা শান্তিপুরের গোবিন্দপুরের এক ভক্ত আলো রানি পালের হার চুরি যায়। সোমবার আলো রানির স্বামী মনোরঞ্জন পাল নবদ্বীপ থানায় চুরির অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত নামে নবদ্বীপ থানার পুলিস। মঙ্গলবার সকালে মন্দির চত্বর থেকে ওই মধ্য বয়সী মহিলাকে গ্রেপ্তার করে। এদিন তদন্তের স্বার্থে চুরি যাওয়া হার উদ্ধার করতে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পাঠায়। মন্দিরের সেবায়েত নিত্য গোপাল গোস্বামী পুলিসের সক্রিয়তার জন্য তাদের সাধুবাদ জানান। এদিন ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।



