Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে ঘন কুয়াশায় দুর্ঘটনার শঙ্কায় বন্ধ থাকে নৌকা চলাচল, ফগ লাইটের দাবি যাত্রীদের

নবদ্বীপে ঘন কুয়াশায় দুর্ঘটনার শঙ্কায় বন্ধ থাকে নৌকা চলাচল, ফগ লাইটের দাবি যাত্রীদের
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নৌকায় কোনও ফগ লাইট নেই। তাই শীতের ঘন কুয়াশায় নবদ্বীপ, মায়াপুর ও স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে নৌকা চলাচল বন্ধ রাখতে হয়। এর ফলে সকালে ও সন্ধ্যায় কুয়াশার কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। এক পাড় থেকে অন্য পাড়ের আলো দেখা গেলে তবেই নৌকা চলাচল শুরু হয়। ল্যাম্পের আলো দেখা যায় না। ফগ লাইট থাকলে কুয়াশার মধ্যে দেখা যায়। ফগ লাইটের অভাব মেটানো হয় টর্চ লাইট দিয়ে।
Advertisement
অল্প কুয়াশা থাকলে মোবাইলে যোগাযোগ রেখে সতর্কভাবে নৌকা চালানো হয়। নবদ্বীপ ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশে যখন নৌকা ছাড়া হয়, তখন মোবাইলে জানিয়ে দেওয়া হয়। তেমনি মায়াপুর ঘাট থেকে নৌকা ছাড়লে স্বরূপগঞ্জ বা নবদ্বীপ ঘাট কর্তৃপক্ষকে ফোন করে জানিয়ে দেওয়া হয়। সেসময় নবদ্বীপ-স্বরূপগঞ্জের মধ্যে নৌকা চলাচল বন্ধ থাকে। যাতে কুয়াশার কারণে মাঝনদীতে দু’টি নৌকার মুখোমুখি ধাক্কা না লাগে।
তবে কুয়াশা ঘন হলে ওপারের ওই আলোটুকুও দেখা যায় না। তখন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। আকাশ পরিষ্কার না হওয়া অবধি অপেক্ষা করতে হয়। ফেরি পারাপার বন্ধ থাকলে স্কুল-কলেজ পড়ুয়া, অফিসযাত্রী, ব্যবসায়ী, পুণ্যার্থী ও পর্যটকদের সমস্যায় পড়তে হয়।
নবদ্বীপ ফেরিঘাট জলপথ পরিবহণ সমবায় সমিতির সম্পাদক গৌতম মির্ধা বলেন, নৌকায় কোনও ফগ লাইট নেই। একবার নৌকার ইঞ্জিনের সঙ্গে ফগ লাইট লাগানো হয়েছিল। কিন্তু যান্ত্রিক কারণে সেগুলি খারাপ হয়ে গিয়েছিল। তারপর থেকে আর নতুন করে সেসব লাগানো হয়নি। তবে এই ফেরিঘাটে ফগ লাইট খুবই প্রয়োজন। আমরা আগামী দিনে উন্নতমানের ফগ লাইট লাগানোর চিন্তাভাবনা করছি।
মায়াপুরের বল্লালদিঘির বাসিন্দা আয়ুব শেখ বলেন, প্রতিদিনই রাজমিস্ত্রির কাজে নবদ্বীপে আসি। এসময় বেশিরভাগ দিনই সকালের দিকে আকাশ মেঘলা ও কুয়াশায় ঢেকে থাকে। তখন অনেকক্ষণ নৌকা চলাচল বন্ধ থাকে। তাতে কাজের খুব সমস্যা হয়। ফুল ব্যবসায়ী দীপেন্দু দে বলেন, প্রায় দিনই নদী পেরিয়ে শ্যামপুরে ফুল আনতে যেতে হয়। কুয়াশার কারণে অনেকসময় নদীর পাড় দেখা যায় না। তখন মাঝি অন্য দিকে নৌকা নিয়ে চলে যায়। তাতে সত্যিই খুব ভয় লাগে।
নদীয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ বিভাগের কর্মাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, সরকারিভাবে ব্যক্তিগত নৌকায় ফগ লাইট দেওয়া সম্ভব নয়। তবে মাঝিরা নিজেরাই যাতে ফগ লাইটের ব্যবস্থা করেন, তা নিয়ে আলোচনা করা হবে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ