সংবাদদাতা, নবদ্বীপ: দাদার বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়েতে যাওয়ার অনুমতি দিতে রাজি নয় স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে প্রতিবাদ জানানোয় নবদ্বীপের এক গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার প্রতাপনগর ঘোষপাড়ায়। বুধবার নবদ্বীপ থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
Advertisement
চার বছর আগে প্রতাপনগরের বাসিন্দা অমিত ঘোষের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় রিয়া ঘোষের। অভিযোগ বিয়ের তিন মাস পর থেকেই বিভিন্ন কারণে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। সম্প্রতি রিয়াদেবীর দাদার বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়েতে যাওয়ার জন্য রিয়াদেবী অনুমতি চায়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন দাদার বিয়েতে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। তার প্রতিবাদ জানালে রিয়াদেবীকে গালিগালাজ করা হয়। এমনকী তাঁর স্বামী লাঠি দিয়ে তাঁকে মারধর করে। চিৎকার চেঁচামেচি করলে সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে ওই গৃহবধূ তাঁর বাবারবাড়িতে আশ্রয় নেন। মারধরে অসুস্থ হয়ে পড়ায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করান। বুধবার দুপুরে ওই গৃহবধূ স্বামী সহ তিনজনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



