Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে ভবঘুরেদের আবাসস্থল মমতালয়ে চুরি

নবদ্বীপে ভবঘুরেদের আবাসস্থল মমতালয়ে চুরি
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভার ভবঘুরেদের আবাসস্থল মমতালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নবদ্বীপ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দেয়ারাপাড়া ঘাটের ধারে ভাগীরথী তীরবর্তী নির্জন স্থানে এই মমতালয়। বৃহস্পতিবার বিকালে চুরির ঘটনাটি প্রথম স্থানীয় কিছু যুবকের নজরে আসে। এরপর স্থানীয় কাউন্সিলার মিতা রায় রাতেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
জানা গিয়েছে, কয়েক বছর আগে ভবঘুরেদের জন্য তৈরি হয়েছিল তিন তলা এই মমতালয়। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের ওয়ার্ড সভাপতি দেবব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ভবঘুরেদের জন্য তৈরি হলেও বর্তমানে সেটি ফাঁকাই ছিল। বৃহস্পতিবার বিকালে এই মমতালয়ের নীচের একটি ঘরে স্থানীয় ক্লাবের ছেলেরা খেলার বল আনতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। তারাই কাউন্সিলারকে খবর দেয়। অনুমান করা হচ্ছে নীচে থেকে পাইপ বেয়ে চারতলা ছাদের উপর উঠেছিল। তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। এরপর একতলা, দোতলা এবং তিনতলার শৌচাগারে লাগানো কলগুলি খুলে নিয়ে যায়। কিছু বেসিন ভেঙে ফেলেছে। এমনকী দোতলায় লাগানো একটি সিসি ক্যামেরা ভেঙে নিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কাউন্সিলর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, মমতালয়ের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা তছনছ করেছে। ওই রাতেই আমি ওখানে গিয়েছিলাম। একতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত সাত আটটি ঘরের দরজার তালা ভেঙেছে। বেসিনগুলো ভেঙেছে। তবে আর কী কী চুরি হয়েছে, এই মুহূর্তে বলা যাবে না। পুরসভা এখন বন্ধ। পুলিসকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে। পুলিস জানিয়েছে, চুরির অভিযোগ হয়েছে। তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ