সংবাদদাতা, মায়াপুর: নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে কিছুদিন আগে এক নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকা অনুসারে, শহরের সমস্ত টোটোর সামনে ও পিছনে বৈধ লাইসেন্স নম্বর, চালকের সচিত্র পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স রাখা বাধ্যতামূলক। পাশাপাশি, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত যাত্রী বহনও নিষিদ্ধ করা হয়। কিন্তু পুর-প্রশাসনের এই নির্দেশিকার তোয়াক্কা না করে একশ্রেণির টোটো চালক নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি যাত্রী তুলছে। এমনকী তারা পর্যটক-তীর্থযাত্রীদের কাছ থেকেও অস্বাভাবিক বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।
Advertisement
এব্যাপারে বড়ালঘাট টোটো স্ট্যান্ডের চালক অভিজিৎ সাহা বলেন, আমরা, এই স্ট্যান্ডের টোটো চালকরা, নিয়ম মেনেই গাড়িতে যাত্রী ওঠাই। পর্যটক-তীর্থযাত্রীদের কাছ থেকেও নির্ধারিত সঠিক ভাড়া নিই। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সেই টোটো চালককে শাস্তি স্বরূপ ৭-১৫ দিন অবধি স্ট্যান্ডে টোটো নামাতে দেওয়া হয় না। তাই বেআইনি কাজ করে নিজের লোকসান এখানে কেউই করবে না। নাম প্রকাশে অনিচ্ছুক বড়ালঘাট স্ট্যান্ডের কয়েকজন টোটো চালকের অভিযোগ, নবদ্বীপ পুর এলাকার বাইরে মূলত মহীশূরা, নাদনঘাট, সমুদ্রগড়, পারুলিয়া, মায়াপুর ও স্বরূপগঞ্জ থেকে অনেক টোটোই শহরে ঢুকে বেআইনিভাবে প্যাসেঞ্জার তুলছে। এরাই পুরসভার নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে। স্ট্যান্ডের বাইরে ইতিউতিভাবে ভ্রাম্যমান কিছু টোটোও নিয়ম না মেনে যাত্রী তুলছে। এদের বৈধ লাইসেন্স নম্বর বা সচিত্র পরিচয়পত্র কিছুই নেই। এক চালক বলেন, আমরা সাধারণত ৫-৬ জন যাত্রী তুলি। তবে অনেক সময় পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে অনেকে একটা টোটোতেই যেতে চান। তখন বাধ্য হয়ে ৭জন অবধিও প্যাসেঞ্জার নিতে হয়। রাসের সময় মিটিং-এ প্রশাসনের তরফে অতিরিক্ত যাত্রী নিতে বারণ করা হয়েছিল। আমরা সেই মতো অতিরিক্ত যাত্রী না তুলে ভাড়া ছেড়ে দিই। তখন শহরের বাইরের গাড়িগুলো ওই অতিরিক্ত যাত্রীদের তুলে নিচ্ছে। আর নাম খারাপ হচ্ছে আমাদের। শহরে অতিরিক্ত টোটো আসায় যানজটও হচ্ছে। আমরা এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চাইছি।মায়াপুরের টোটোগুলিতে বেশি যাত্রী বসাতে অতিরিক্ত সিট লাগানো হচ্ছে। একটা গাড়িতে ১২জন অবধিও লোক তুলছে। টোটো ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বড়ালঘাট স্ট্যান্ড, বিষ্ণুপ্রিয়া হল্ট স্ট্যান্ড ও নবদ্বীপ ধাম রেলস্টেশনের টোটো চালকরা একে অপরের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন।
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও উন্নত হওয়া দরকার। শুধু নিজের স্বার্থে নয়, বরং সকলের হিত সাধনে সরকারি নির্দেশ সকলেরই মানা উচিত। টোটোয় অতিরিক্ত যাত্রী বহন মোটেই গ্রহণযোগ্য নয়। পুরসভার নির্দেশ অনুযায়ী টোটোর সামনে ও পিছনে বৈধ লাইসেন্স নম্বর, চালকের সচিত্র পরিচয়পত্র ইত্যাদি থাকা আবশ্যিক। টোটো চালকদের অবশ্যই সরকারি নির্দেশ মানতে হবে। বেআইনি কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পুরসভা যেকোনও সময় বৈধ লাইসেন্সহীন টোটো বাজেয়াপ্ত করতে পারে।