কলকাতায় দাদুর শেষ বাসস্থান কিনতে চেয়ে পুরসভার দ্বারস্থ নজরুলের নাতনি
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজী নজরুল ইসলামের কলকাতার শেষ বাসস্থলটি কিনতে চান কবির নাতনি মিষ্টি কাজি। এই আর্জি নিয়ে তিনি দেখা করেন পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে। 

Advertisement

জানা গিয়েছে, কলকাতায় স্থায়ী বা নিজস্ব কোনো বাড়ি ছিল না নজরুলের। কিন্তু ১৯২০ সাল থেকে দীর্ঘ সময় ধরে তিনি শহরের বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে পরিচিতদের সঙ্গে থেকেছেন। কলকাতায় কবি নজরুলের অন্যতম বাসস্থান ছিল সিআইটি আবাসন। ৫ এ, ক্রিস্টোফার রোডে থাকা ৭০০ বর্গফুটের ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। শেষপর্যন্ত কলকাতায় তিনি সেখানেই ছিলেন। মিষ্টি কাজি সেই ফ্ল্যাটটি কেনার আবেদন জানিয়েছেন। তিনি নজরুল ইসলামের পুত্র প্রয়াত কাজী সব্যসাচীর কন্যা। সিআইটি আবাসনের ফ্ল্যাটটির একটি ঘর নজরুলের ব্যবহৃত সামগ্রী দিয়ে সাজিয়ে রাখতে চান মিষ্টিদেবী। সঙ্গে সাহিত্য-সংস্কৃতি চর্চাও হবে। অন্য ঘরে তিনি নিজে বসবাস করবেন। মিষ্টিদেবী বলেন, ‘পদ্মপুকুর সিআইটি রোডের ফ্ল্যাটে দাদু থাকতেন। আমরা ছোটবেলায় সেখানে বড়ো হয়েছি। তখন বুঝিনি, কাজী নজরুল ইসলাম, কাজী সব্যসাচী এত বড়ো মাপের মানুষ। পরে বুঝতে পেরেছি। ভারতে দাদুর শেষ ঠিকানা ছিল এই ফ্ল্যাট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসে ওখান থেকে দাদুকে বাংলাদেশে নিয়ে যান। সেখানে ওঁর জন্য বিশাল বাড়ির ব্যবস্থা করা হয়। কিন্তু এই ফ্ল্যাটে কিছু করা আমার বাবার স্বপ্ন ছিল। তাই এখানে আমরা এসেছি। সিআইটি রোডের ফ্ল্যাটটা কিনতে চাই। সেখানে প্রতিবছর দাদুর স্মৃতিতে অনুষ্ঠান হবে।’ অগ্নিবীণা সংগঠনের সভাপতি রবীন মুখোপাধ্যায় ছিলেন মিষ্টিদেবীর সঙ্গে। রবীনবাবু বলেন, ‘বিদ্রোহী কবির কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ এই বাড়ি থেকেই প্রকাশিত হয়েছিল। অনেক সাহিত্যিক, শিল্পী সহ একাধিক বিশিষ্ট মানুষ আসতেন এখানে। এমন স্মৃতি বিজড়িত বাড়িটির মালিকানা তাঁর পরিবারের হাতে নেই, সেটা আফসোসের। পরিবার চায় ফ্ল্যাট কিনে একটি ঘরে নজরুল ইসলামের আসবাবপত্র ও তাঁর স্মৃতি বিজড়িত জিনিসপত্র রাখতে। অন্য ঘরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’