Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়াগ্রাম: ভাই-ভাইপোকে কুপিয়ে খুন, ধৃত দাদা সহ চারজন

পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে দাদার সশস্ত্র হামলায় মৃত্যু হল ছোট ভাই ও তাঁর বড় ছেলের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাইয়ের স্ত্রী ও তিন ছেলে।

নয়াগ্রাম: ভাই-ভাইপোকে কুপিয়ে খুন, ধৃত দাদা সহ চারজন
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে দাদার সশস্ত্র হামলায় মৃত্যু হল ছোট ভাই ও তাঁর বড় ছেলের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাইয়ের স্ত্রী ও তিন ছেলে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের নয়াগ্রামে। পুলিস অভিযুক্ত বড়দাদা, তাঁর দুই ছেলে ও জামাইকে গ্রেপ্তার করেছে। দাদার বাড়ির একটি মুরগি চুরিকে কেন্দ্র করে এই মর্মাান্তিক ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিস। নয়াগ্ৰাম ব্লকের পাতিনা গ্ৰাম পঞ্চায়েতে সিংধুই গ্ৰামে বাড়ি অভিযুক্ত দাদা বুধিয়া নায়েকের। তাঁর মোট তিন ভাই। বাকি দু’জনের নাম যতীন নায়েক ও শারুক নায়েক। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, একটি মোবাইল চুরিকে ঘিরে গোলমাল বেঁধে ছিল বুধিয়া ও শারুকের পরিবারের মধ্যে। যদিও যতীনের ছেলের দাবি, মারামারি ও খুনের ঘটনাটি ঘটে জেঠুর বাড়ির একটি মুরগি চুরিকে কেন্দ্র করে। পুলিসও প্রাথমিক তদন্তে সেটাই জেনেছে। পড়শিদের বক্তব্য, দুই ভাইয়ের চাল ঠেকাঠেকি বাড়ি। কিন্তু পারিবারিক বিবাদের কারণে বেশ কিছুদিন ওঁদের মুখ দেখাদেখি বন্ধই ছিল। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ছোট ভাই সব ঝামেলা মেটাতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন দাদার কাছে। উভয়পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। অংশ নেয় দাদার পরিবারের লোকেরাও। একসময় সেই আলোচনা কথা কাটাকাটি, হাতাহাতিতে গড়ায়। তার মাঝেই আচমকা বড়দাদা, তাঁর দুই ছেলে বাবলু, কালীপদ ও জামাই সুনিয়া প্রামাণিক কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়েন ছোট ভাইয়ের পরিবারের উপর। সবাইকে ধরে ধরে এলোপাথাড়ি কোপ বসাতে থাকেন তাঁরা। ঘটনাস্থলেই মারা যান শারুক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর বড় ছেলে অজয় নায়েকের। তাঁদের বাঁচাতে গিয়ে রেহাই পাননি শারুকের স্ত্রী আরতি ও তিন ছেলে তাপস, লক্ষ্মী, সঞ্জয়। আশঙ্কাজনক অবস্থায় নয়াগ্রাম সুপার স্পেশালিটিতে চিকিৎসাধীন তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ