নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদার পাটিকাবাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিস আধিকারিকরা মোড়ে মোড়ে টহলদারি চালাচ্ছেন। সাধারণ মানুষ পুলিসি তৎপরতা দেখে আশ্বস্ত হয়ে দোকান বাজারে ভিড় করছেন। সোমবারের তুলনায় মঙ্গলবার পাটিকাবাড়ি বাজারে বেশি দোকান খুলেছে। নতুন করে এলাকায় যাতে কেউ উস্কানি দিয়ে অশান্তির সৃষ্টি না করতে পারে সেদিকে নজর রাখছে পুলিস। রবিবার রাতে গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে নওদা থানার পুলিস।
অপরদিকে নওদায় শান্তি ফেরাতে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার পুলিস সুপারের সঙ্গে দেখা করেন বিজেপির একটি প্রতিনিধি দল। বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেন, এই জেলায় এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের উপর আঘাত করে ঐক্য নষ্ট করছে। নওদায় ১৭টি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে। গোটা মাছ বাজার নষ্ট হয়েছে। তৃণমূলের তরফে ধর্মীয় বিভাজন করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। যেসব বাড়িতে ভাঙচুর করা হয়েছে তাঁদের সঙ্গে আমরা দেখা করে কথা বলেছি। তাঁদের পরিস্থিতির কথা পুলিস সুপারকেও জানিয়েছি। এখানে ‘ইউনুসের’ শাসন চলবে না। এই নওদা থেকে জঙ্গি ধরা পড়েছে। এখন অনেকেই বাংলাদেশের সঙ্গে তুলনা টানছে এই জেলার। বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কেন, সেদিকে পুলিসকে নজর দেওয়ার জন্য বলেছি।
নওদার তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ বলেন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। নতুন করে যাতে কোনও অশান্তি না হয় সেজন্য আমরা সকলেই তৎপর আছি। প্রচুর পুলিস আছে এলাকায়। এই অবস্থায় কোনও রাজনৈতিক দল যদি উস্কানিমূলক মন্তব্য করে, তাহলে মানুষই তাদের বিরোধিতা করবে। আমরা সকলেই একত্রিতভাবে এলাকায় শান্তি ফেরানোর জন্য পুলিস ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছি। দু’একজনের মানসিকতার জন্য এই ধরনের বড় সমস্যা হয়। এখানে আমরা সম্প্রীতি বজায় রেখে আগেও যেমন বাস করেছি আগামীতেও করব।