নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বামপন্থী ও অতি বামপন্থীরা। তাদের মত না মানলে ক্লাস, হস্টেল, ক্যান্টিন সব জায়গায় একঘরে করছে, হেয় করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিচ্ছে। আমাদের কাছে এ সংক্রান্ত স্ক্রিন শটও আছে। অধ্যক্ষকে প্রমাণ সহ সেকথা জানিয়েছি। শনিবার মেডিকেল কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন রাষ্ট্রবাদী চিকিৎসকরা।
রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন এনএমও’র দক্ষিণবঙ্গ প্রান্ত সম্পাদক ডাঃ অর্ণব পাল ও মেডিকেল কলেজ ইউনিটের ডাঃ সৌরভ মণ্ডল বলেন, ‘একই কলেজের ছাত্র-ছাত্রী হওয়া সত্ত্বেও মত বা ভাবাদর্শের পার্থক্য হলেই একঘরে করা শুরু করেছে এমসিডিএসএ। আমাদের সাফ কথা, মতাদর্শের ফারাক থাকতেই পারে কিন্তু সে জন্য একঘরে করা কেন হবে? বুলি করা কেন হবে? এদিন এনএমও সহ বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠন মেডিকেলের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাসকে স্মারকলিপি জমা দেয়। বুধবার প্রায় ১০ ঘণ্টা অধ্যক্ষকে ঘেরাও করে রাখার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণের আর্জি জানায়। স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডাঃ সম্রাট চক্রবর্তী সম্পর্কে ‘সম্রাটের চামড়া গুটিয়ে দেব আমরা’ মন্তব্যের তীব্র নিন্দা করে। পাশাপাশি অধ্যক্ষ অফিসের করিডরের কাচ ভাঙার ঘটনারও প্রতিবাদ করে। কিন্তু কারা বাইরে থেকে এসে এই কাজ করল, সাংবাদিক সম্মেলনে সে প্রশ্ন উঠলে বিষয়টি ‘তদন্তসাপেক্ষ’ বলে এড়িয়ে যান বক্তারা। অন্যদিকে শুক্রবার ২০ জেলা থেকে বৃষ্টি উপেক্ষা করে ১০ হাজারেরও বেশি সমর্থক এবিভিপি’র ‘কলকাতা চলো’ আহ্বানে সাড়া দিয়ে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার ডোরিনা ক্রশিং’য়ে সমবেত হয়েছিল বলে দাবি। উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় সম্পাদক শ্রবণ বিরাজ।
শনিবার সাংবাদিক বৈঠকে রাষ্ট্রবাদী চিকিৎসকরা।-নিজস্ব চিত্র



