Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধুলোয় ঢাকছে জাতীয় সড়ক, ডিভিসি বিরোধী আন্দোলনে বিজেপি

ধুলোয় ঢাকছে জাতীয় সড়ক, ডিভিসি বিরোধী আন্দোলনে বিজেপি
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ডিভিসি-র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই থেকে দূষণ ও ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে ১৪ নম্বর জাতীয় সড়কে ঘনঘন দুর্ঘটনা ঘটছে। বারবার বলা সত্ত্বেও ডিভিসি কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে বুধবার জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। বুধবার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে দলের কর্মীরা দুর্লভপুরে অবস্থান বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন। কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে বিজেপি বিধায়ক এদিন ক্ষোভ উগরে দেন। রাস্তার উপর ট্রাক দাঁড়িয়ে থাকা নিয়ে তিনি পুলিসকেও এক হাত নেন। দুর্ঘটনা রুখতে গঙ্গাজলঘাটি থানার পুলিস ব্যর্থ বলে বিধায়ক অভিযোগ তোলেন। 

Advertisement

বিধায়ক বলেন, হাঁসপাহাড়ি জঙ্গল লাগোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেট হয়ে ছাই ও কয়লা ভর্তি ডাম্পার যাতায়াত করে। ছাই ও কয়লার গুঁড়ো উড়ে গিয়ে রাস্তাঘাটে পড়ে। হাওয়া দিলে তা গোটা এলাকায় উড়তে থাকে। তখন বাইক, সাইকেল চালক ও অন্যান্য যানবাহনের যাত্রীদের চোখেমুখে ঢুকে যায়। তার ফলে দুর্ঘটনা ঘটছে। বৃষ্টি হলে ওই ছাই কাদায় পরিণত হয়। তারফলে জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। সেই কারণেও দুর্ঘটনা ঘটে। বারবার জানানো সত্ত্বেও ডিভিসি কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ নিচ্ছে না। সেজন্য এদিন আমরা বাধ্য হয়ে অবরোধ বিক্ষোভে শামিল হয়েছি। 
বিজেপি বিধায়ক আরও বলেন, এদিন দলের কর্মীদের নিয়ে কিছুক্ষণের জন্য অবরোধ করা হয়েছিল। আগামী দিনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ডিভিসি-র বিরুদ্ধে টানা আন্দোলনে নামা হবে। তখন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বুঝতে পারবে, কত ধানে কত চাল। তিনি বলেন, দুর্ঘটনা রুখতে গঙ্গাজলঘাটি থানার পুলিস নিষ্ক্রিয় রয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় পুলিস মোতায়েন  থাকে না। টহলদারিও নজরে পড়ে না। জাতীয় সড়কের উপর সার দিয়ে ট্রাক, ডাম্পার দাঁড়িয়ে থাকে। নিজেদের স্বার্থেই পুলিস মালিক বা চালকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় না। 
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চিফ জেনারেল ম্যানেজার তথা প্রকল্প প্রধান প্রদ্যুম্নপ্রসাদ শাহ বলেন, এত বড় শিল্পকেন্দ্র। এখানে চার হাজার শ্রমিক কাজ করেন। ফলে সামান্য সমস্যা হতেই পারে। তবে শালতোড়ার বিধায়ক আমাদের লিখিতভাবে ছাইয়ের সমস্যার কথা জানাননি। রাজনৈতিক কারণে তিনি অবরোধ বা সংবাদমাধ্যমে বিবৃতি দিতে পারেন। সেব্যাপারে আমাদের কিছু বলার নেই।    
গঙ্গাজলঘাটি থানার এক আধিকারিক বলেন, বিধায়কের অভিযোগ ঠিক নয়। দুর্লভপুর, দেউলি মোড় সহ অন্যান্য দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিস মোতায়েন থাকে। টহলদারি ভ্যানেও পুলিস জাতীয় সড়কে নিয়মিত নজরদারি চালায়। তারপরেও কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট জায়গায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়। ফলে পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ভিত্তিহীন। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ