Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহ পুরসভার শাখা কার্যালয়ে জাতীয় পতাকা উড়ছে উলটো, সরব বিজেপি

পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি রাজীব গান্ধী মার্কেটে পুরসভার শাখা অফিস কার্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা উলটো করে উত্তোলনের অভিযোগ উঠেছে।

পুরাতন মালদহ পুরসভার শাখা কার্যালয়ে জাতীয় পতাকা উড়ছে উলটো, সরব বিজেপি
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি রাজীব গান্ধী মার্কেটে পুরসভার শাখা অফিস কার্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা উলটো করে উত্তোলনের অভিযোগ উঠেছে। সোমবার সেই ভিডিও ভাইরাল করে প্রকাশ্যে সরব হয়েছেন বিজেপির নেতা এবং কর্মীরা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’ পত্রিকা। নিয়ম অনুযায়ী, দেশের পতাকায় সবার উপরে থাকে গেরুয়া রং। নীচে সবুজ। ওই ফুটেজে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, সবুজ রং সবার উপরে। বিষয়টি নিয়ে শহরজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এরপর অবশ্য ওই পতাকা ঠিক করে দেওয়া হয়। 

Advertisement

শহরের ব্যবসায়ী দেবব্রত ঘোষ বলেন, ভুলবশত উলটো করে কেউ টাঙিয়ে দিয়েছেন। আমরা দেখে এদিন ঠিক করে দিয়েছি। তবে এ ঘটনা নিয়ে সোচ্চার  হয়েছে বিজেপি এবং কংগ্রেস। উত্তর মালদহের যুব মোর্চার সহ সভাপতি দীপ ঘোষ বলেন, এদিন সকালে দেখতে পাই উলটো রয়েছে জাতীয় পতাকা। কে বা কারা এটা করেছে, দেখে উত্তোলন করা উচিত ছিল।  দেশের পতাকা গর্বের। কীভাবে ভুল হতে পারে। এর আগেও এমন হয়েছে। অভিযোগ করেও সমস্যার সমাধান হয়নি। জেলা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি তথা স্থানীয় নেতা মান্ত ঘোষ ঘটনার তীব্র নিন্দা করেন। বলেন, পতাকা দেশের গর্ব এবং সম্মানের। মর্যাদা রক্ষা করা উচিত। আমরা এর তদন্ত এবং শাস্তি চাই। 
জানা গিয়েছে, পুরসভার মূল ভবনের অফিস শহরের ৫ নম্বর ওয়ার্ডে। তবে ওই পুরসভার শাখা কার্যালয় রয়েছে মঙ্গলবাড়ি রাজীব গান্ধী মার্কেটে। সেখানে পুর পরিষেবা দেওয়া হয়। 
কয়েক বছর ধরে প্রতিদিন ওই অফিসের বাইরে জাতীয় পতাকা সকালে উত্তোলন করা হয়। আবার সন্ধ্যার আগে নামিয়ে দেওয়া হয়। এদিন কেউ বা কারা উলটো পতাকা উত্তোলন করেছে বলে অভিযোগ। 
পুরসভার শাখা কার্যালয়ের ইনচার্জ জয়ন্ত হালদার বলেন, জাতীয় পতাকা সম্মানের। সত্যিই ভুল হয়ে গিয়েছে। এর দায় আমাদের। আগামী দিনে আর হবে না। 
পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের মন্তব্য, বাস্তবে এটা সঠিক হয়নি। খবর পাওয়ার পর নির্দেশ দিয়েছিলাম ঠিক করার জন্য। আগামী দিনে এমন ভুল হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ